ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বৃহস্পতিবার সকাল থেকেই মুসুলধারে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। তবে সরকারী ঘোষনামতে কঠোর লকডাউনের ১ম দিনে সকাল ৬টা থেকেই স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নচোল বাসস্ট্যান্ড, নেজামপুর, ধানসুরা, সোনাইচন্ডিসহ উপজেলার অন্যান্য স্থানে কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে।
সকাল ৮টার সময় নাচোল বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগম, সেনা সদস্য, নাচোল থানাপুলিশ, আনসার বাহিনী ও স্বোচ্ছাসেবকদের সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন টিম নাচোল বাসস্ট্যান্ডে লোকজনকে চলাচলে শতর্ক করেন। লকডাউনের নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৭টি মামলায় ৫হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় উপজেলার নেজামপুর মোড়ে নাচোল থানার এসআই গোলাম রসুল, বিজিবি ও আনসার সদস্যদের নিয়ে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন কাজে ব্যস্ত ছিলেন।
উল্লেখ্য, বুধবার সন্ধার পর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের নির্দেশনাটি বিভিন্ন অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। তাই ধানসুরা-আমনুরা সড়কে খুব বেশী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সন্ধা পর্যন্ত লকডাউনের জন্য নাচোল থানাপুলিশ ও উপজেলা প্রশাসন দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ি সাপ্তাহিক হাট উপজেলা প্রশাসনের নির্দেশে বসতে পারেনি।


