ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে।
বৃহম্পতিবার (৮ জুলাই) বেলা ২টার দিকে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। থানা অভ্যন্তরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ওসি ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানার যোগদান করেছিলেন।
এসআই শাহবুদ্দিন বলেন, থানার ভেতর কোয়ার্টারে উনি থাকত। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উনাকে দুপুরের খাবার দিতে গেলে ওসি স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ঘরের জানালা খুলে দেখা যায় তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।
তিনি আরও বলেন, পরে ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


