ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : উজানের পাহাড়ী ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । ফলে করোনার এ ক্রান্তি লগ্নে নদীর তীরবর্তী এলাকায় বন্যা ও খাদ্য সংকট নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার প্রায় ৪০ হাজার পরিবার।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১০টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৯০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর (স্বাভাবিক বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের দোমহনীতে তিস্তা পয়েন্টে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে বাংলাদেশে ধেয়ে আসছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশের তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবা)।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে । সর্বশেষ রাত ৯টায় পানি ৫২ দশমিক ৮০ সেন্টিমিটার প্রবাহিত হয়।
জানা গেছে, তিস্তা ব্যারেজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল গুলো ডুবে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষজন গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধ এবং বন্যা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছে।
এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গীমারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্লাবিত করেছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর বলেন, বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। বন্যার্তদের সহায়তা দেয়ার জন্য শুকনো খাবার পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা যথা সময়ে বন্যা কবলিত এলাকা গুলোতে এসব ত্রান সামগ্রী পৌছে দেয়ার জন্য কাজ করছি।


