ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে।
তদন্ত টিমের অন্য সদস্যরা হলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানা ও ড্যাব নেতা ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা.নাহিদ ইসলাম মুন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ে তদন্ত করেছি। আমাদের তদন্ত প্রতিবেদন যথাসময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিব।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসাসেবা,অভিযোগ করায় গাড়ি চালককে শোকজ, এ্যাম্বুলেন্স সংকট ও হাসপাতাল চত্বরের আমবাগানের আম দরপত্র ছাড়াই বিক্রি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষ বিষয়গুলোর তদন্তের জন্য এ কমিটি গঠন করে বলে জানা গেছে।


