ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪০) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ করেই এক নারীর লাশ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশটি একজন নারীর। তাঁর পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিল। বয়স অনুমান ৪০ বছর।
ওসি আরো বলেন, ফরেনসিক পরীক্ষার জন্য নওগাঁর সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


