ধূমকেতু নিউজ ডেস্ক : পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ ডিসেম্বর কারোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর ৭৮ বছর বয়সী হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ হাসেম। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন এই ব্যবসায়ী।
তিনি সিটি ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন।


