ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা (১৬)। এমনটাই দাবি তার পরিবারের। সে তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল।
শনিবার দুপুর ১২টার দিকে তেজগাঁও এলাকার বেগুন বাড়ির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা বোরহানউদ্দিন উপজেলার আব্দুস সালামের তিন সন্তানের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় একটি বাড়িতে থাকতো সে।
নিহত ছাত্রীর ভাই আলামিন জানান, অধিকাংশ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এইসব কারণে তার বাবা তাকে সকালে বকাবকি করেন। ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাতেমা।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


