ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার বেলা দেড়টার দিকে ঢাকার ফার্মগেটের সিজান পয়েন্টে সজীব গ্রুপের অফিস থেকে তাকে একটি গাড়িতে তুলে নেয়া হয়।
কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে সজীব গ্রুপের সিইওকে নিয়ে যেতে দেখেছেন সিজান পয়েন্ট ভবনের নিরাপত্তাকর্মী মো. শাহাবুদ্দিন।
তিনি বলেন, উনারা ডিবির লোক বলে পরিচয় দিয়েছেন। উনাকে (শাহেনশাহ আজাদ) নিয়ে গেছেন।”
উপস্থিত ডিবি কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে ‘এখন নয়’ বলে এড়িয়ে যান তারা।
গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি তাদের বুঝিয়ে দেবে।
তিনি বলেন, ভবনটি বুঝে পাওয়ার পর মামলা করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করবেন।


