মেঘলা আকাশ দমকা বাতাস বইছে অবিরাম
চলনবিলের মুক্তধারা জপছে রবের নাম।
খানিক পরে সূর্য মামা দিচ্ছে আলোর ঝলক
প্রকৃতিতে রূপের মেলা পড়ছে নাতো পলক।
টলোমলো পানির সাথে কচুরিপানার বাস
মিলেমিশে থাকবে ওরা দীর্ঘ জীবন আশ।
দেশি মাছের মিলন মেলা চলনবিলেই আছে
ট্যাংরা পুঁটি টাকি মাগুর খলই ভরা মাছে।
ভ্রমণ প্রিয় মানুষ গুলো নৌকা নিয়ে তাতে
ছুটির দিনে সবাইমিলে আনন্দেতে মাতে।
সাদা বকের দেখা পাবে মাঝে মাঝে বিলে
ছোট মাছ আর জলজ প্রাণী মজা করে গিলে।
স্যালোর নৌকা ছন্দ তুলে বিলের পানে ধায়
শালিকের ঝাঁক ভীত হয়ে দূরাকাশে পালায়।
অপরুপ এই রুপের মেলা দেখতে যদি চাও
আপন মানুষ সঙ্গে নিয়ে চলনবিলে যাও।
লেখক :আব্দুর রাজ্জাক রিপন, রাজশাহী।


