ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনঃগণনার দাবীতে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ওই আসনের বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলেও ভোট গণনায় কারচুপি হয়েছে। তাদের দাবি বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের কক্ষ থেকে বের করে দেন। জামাতের প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য এটি করা হয়েছে বলে তাদের দাবি। পাশাপাশি ওই আসনে প্রায় ৮ হাজার ভোট বাতিল বলে গণ্য হয়েছে। এই ভোটের বেশিরভাগই বৈধ ভোট এবং সেগুলো বিএনপি প্রার্থীর ছিল।
এভাবে ভোট গণনায় কারচুপির মাধ্যমে বিএনপি’র প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে হারিয়ে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এদিকে, এরই মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির প্রার্থী মেহেদী আহমেদ রুমি ভোট পুনঃগণনার জন্য লিখিত দাবী জানিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম জানান, ভোট সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে এবং গণনার সময় কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। কুষ্টিয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে হঠাৎ কেন এ রকম অভিযোগ করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তবে প্রার্থী মেহেদি আহমেদ রুমির কোন লিখিত আবেদন এখনো তাদের কাছে আসেনি বলে তিনি জানান।
উল্লেখ্য, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি দাড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৪৯৮ এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৬ জন রয়েছেন।ন



