ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। ১৪ মার্চ শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী (৫৫) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গোলাপ তার বাবা আক্কাস আলীর ওপর কাঠ দিয়ে মারধর শুরু করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় গোলাপের মা ও বোন বাধা দিতে গেলে তারাও আহত হন।
পরে স্থানীয়রা আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ছেলে গোলাপের হামলায় বাবার মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




