ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা শ্রমিক দল ও বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান জাকির, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



