ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী :‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টায় বদলগাছী থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতীয়তাবাদী শ্রমিক দল বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের অধিকার ও কল্যাণে কাজ করে যবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস চালক সমিতি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটোচার্জার শ্রমিক সংগঠন, অটোরিকশা-ভ্যান শ্রমিক, ভান্ডারপুর অটোচার্জার সমিতি, কোলা ইউনিয়ন রিকশা-ভ্যান শ্রমিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা।



