ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের একাদশ ভর্তি কমিটি।
মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: তৌরেজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন “উত্তরাঞ্চলের নারী শিক্ষা সম্প্রসারণে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে। অভিভাবক ও শিক্ষার্থীদের প্রথম পছন্দের এই কলেজে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে তোমরা ভর্তির সুযোগ পেয়েছ, যা সত্যিই আনন্দের।” এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতার কোনো শর্টকাট নেই; ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। চেষ্টা ও শ্রমকে সঙ্গী করলে যেকোনো কঠিন লক্ষ্য অর্জন সম্ভব।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



