ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তিন বাসচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় তিন বাসচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় কয়েকটি পরিবহনের চালককে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ সদস্য ও জেলা আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



