ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে জয়নাল আবেদীন (৮০) নামে এক বদলি নৈশপ্রহরীকে গলা কেটে ও পেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, জয়নাল আবেদীন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়ার মৃত মীর বক্সের ছেলে। নিহতের ছেলে আবুল কাশেম (৪৫) সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী। কাশেম সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বৃদ্ধ জয়নাল আবেদীন বদলি নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে থাকেন।
আবুল কাশেম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা মাদ্রাসায় এলে তিনি বাড়িতে ঘুমাতে যান। বাবা প্রতিদিন ভোর সাড়ে ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেন। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজ নিতে মাদ্রাসায় আসেন। ৬ষ্ঠ শ্রেণির কক্ষে বাবার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।
মাদ্রাসার সুপার জাহিদুর রহমান জানান, ছেলের অসুস্থতার কারণে জয়নাল আবেদীন প্রতিদিন রাত ১০টার পর থেকে পরদিন সকাল পর্যন্ত দায়িত্ব পালন করতেন। তাকে হত্যা করা হলেও প্রতিষ্ঠানের কোনো কিছু চুরি বা ক্ষতি হয়নি।
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, বৃদ্ধ জয়নাল আবেদীন ছেলের পরিবর্তে মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ৬ষ্ঠ শ্রেণির কক্ষে তাকে গলা কেটে ও পেটে ছুরিকাঘাতে হত্যা করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


