ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুদাম ও আশপাশে অবস্থানরত ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে কেউ বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


