ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন, ২০২৬) ভোরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পৌর এলাকার পিটিআই কলেজ বস্তির মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটকে ফেলে।
চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় লোকজন ছুটে এসে ফিরোজ আলীকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।
ভোরে ফিরজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারেক নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



