ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম ৪৬৭ বস্তা সার বিক্রির রশিদ দেখাতে ব্যর্থ হন।
পরে ১৯৫৬ সালের সংশ্লিষ্ট আইনের ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, সার বিক্রির রশিদ দেখাতে না পারায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, আজ মঙ্গলবার সকাল ১১টায় আটক সার ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণকরা হয়েছে।



