ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন মেকানিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামে এঘটনা ঘটে।
মারা যাওয়া ওই মেকানিকের নাম আব্দুল গনি পলাশ (৪২)। বাবার নাম মো. বাবু। বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের ঈশ্বরদেবত্তর কালাইডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুল গনি এসির কাজ করতে উপজেলার শালবাড়ী গ্রামের বেলালের বাড়িতে যান। কাজ করার এক পর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হন। স্হানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



