ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িরবাড়ী এলাকায় প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ সেখানে ভীড় করছেন।
রোববার (২৩মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলায় বুড়িরবাড়ী এলাকায় ভুট্টা ক্ষেতের জালে আটকে যায় অজগরটি। পরে প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্মীদের খবর দিলে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। প্রায় ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৬ কেজি।
এলাকাবাসীরা জানায়, রোববার সকালে কৃষক লুতু মিয়ার তার ভুট্টা ক্ষেতের জালে অজগর সাপটিকে আটকে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি ওই অজগর সাপটিকে একটি লোহার খাঁচায় আটকে রাখে উপজেলা থানা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন।
পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আখিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তেবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টা ক্ষেতের জালে আটকে যায়। উদ্ধারকৃত অজগর সাপটিকে রংপুর চিড়িয়াখানা রাখা হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অজগর সাপটি পাটগ্রাম উপজেলায় নিয়ে এলে সামাজিক ও বন বিভাগের কাছে কাছে হস্তান্তর করা হবে।


