ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৭ নারীসহ নতুন করে ৯ জন শনাক্ত হয়েছেন। শনিবার ৪৯ জনের র্যাপিড টেস্টে এই ৯ জন শনাক্ত হন।
এদের মধ্যে ৭ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ২৪৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ৯ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৭ নারী ও ২ জন পুরুষ রয়েছে। শনাক্তদের মধ্যে রহনপুর পৌর পৌরসভার ও বোয়ালিয়া ইউনিয়নের ৩ জন করে, রহনপুর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের ১ জন করেসহ নাচোল উপজেলার ১ জন রয়েছে। এদের বয়স পর্যায়ক্রমে ২৬ থেকে ৬০ বছর পর্যন্ত।
তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ডা. হাসান আরো বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ২৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন, চিকিৎসা নিচ্ছেন ২০৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।


