ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ মান্দা উপজেলার কশব ইউনিয়নে এনএসআই ও ডিবির যৌথ অভিযানে বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের স্বাক্ষর জাল চক্রের মূল হোতা অসীম হোসেন (২০)কে আটক করা হয়েছে। আটক অসীম কশবের আফজাল হোসেনের ছেলে।
সূত্রে জানা গেছে, অসীম দির্ঘ্যদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজি কোস্টগার্ড, ডিজি বিজিবি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো মাধ্যমে প্রতারণা করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনকে আটক করা হয়। এরসময় জিজ্ঞিাসাবাদের জন্য আরও ৪ জনকে কশব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে আটক করা হয়েছে।
সূত্রটি জানায়, প্রতারক অসীম হোসেন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার প্রদানের তথ্য নিশ্চত হয়ে তাকে আটক করা হয়েছে। সোমবার রাতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ও জেলা এনএসআই কতৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সূত্রটি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম তার কৃতকর্মের বিষয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজি এনএসআই সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার প্রদান করেছে বলে স্বীকার করেন। এসময় জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্ততকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়। আটককৃত অসীম হোসেন’র বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্ততী চলছে বলে জানা গেছে।


