ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কঠোর বিধিনিষেধ ও লকডাউন তৃতীয় দিনের মতো চলছে। সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ আগের মতোই স্বাভাবিকভাবে চলাচলের চেষ্টা করছে। যে কোনো অজুহাতে শহরে ঢোকার চেষ্টা করছেন তারা। এসব মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। লকডাউন কার্যকর করতে শহরে ঢোকার প্রতিটি প্রবেশ মুখে বাঁশ দিয়ে ব্যরিকেড দেয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া কাউকেই শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ছাড়াও গ্রামগঞ্জে ব্যাপক আকারে করোনা রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো ৪ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
এদিকে জেলায় সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে। লকডাউন কার্যকর করতে সার্বক্ষনিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ও বিধি নিষেধের ঘোষনা দেয় জেলা প্রশাসন।


