ধূমকেতু প্রতিবেদক, পাবনা : মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সীমিত পরিসরের লকডাউন পাবনায় পালিত হচ্ছে।
রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচলের কথা থাকলেও সকাল থেকেই পাবনায় ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে । তবে সড়ক ও মহাসড়কে কোন গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। শহরের দোকানপাট বিপণী বিতান বন্ধ রয়েছে। তবে রাস্তাঘাটে শতভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন। পাবনার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে তাদের তদারকি অব্যাহত রেখেছেন।
গত ২৪ ঘন্টায় পাবনা জেলায় ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী উপজেলাতেই ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনা সচেতনতায় পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের নেতৃত্বে আজ সকালে শহরে এক র্যালী বের হয়। সেখান থেকে বিতরণ করা হয় মাস্ক ও লিফলেট। সাধারণ মানুষকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয় পৌরসভার পক্ষ থেকে।


