ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : দেশব্যাপী কঠোর লকডাউনে প্রথম দুই দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও অযথা রাস্তায় ঘোরাফেরা করার দায়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় লালমনিরহাটে ৫২৮ জনকে বিভিন্ন মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থ আদায় করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনে সরকারি আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে । লকডাউনের প্রথম দুইদিনেই লালমনিরহাটের পাঁচ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অভিযান চালিয়ে ৫২৮ জনকে বিভিন্ন মামলায় দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে জেলা সিভিল সার্জন সূত্র জানায়, শুক্রবার লালমনিরহাটে নতুন করে করোনায় একজনের মৃত্যুসহ ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, লালমনিরহাটে এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন ও মৃত্যুবরণ করেছেন ২৮ জন।


