ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, দেশের বর্তমান সংকট হচ্ছে একটি যুদ্ধের লক্ষণ যার নেতৃত্বে রয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ও তার রাষ্ট্রদূত।
হিজবুল্লাহ আন্দোলনের সদস্য আব্বাস আল-ইয়াতামার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ কথা বলেন। তার বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, প্রতিরোধ আন্দোলন এবং সমস্ত সত্যিকারের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে যার নেতৃত্বে রয়েছে বৈরুত অবস্থিত মার্কিন দূতাবাস। ২০০৫ সালের পর থেকে এ পর্যন্ত ওই দূতাবাসের যত রাষ্ট্রদূত এসেছেন তারা সবাই হিজবুল্লাহ-বিরোধী যুদ্ধে লিপ্ত ছিলেন। হাসান নাসরুল্লাহ বলেন, গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস এবং সমস্ত গোয়েন্দা দলিল থেকে এই কথার বাস্তবতা খুঁজে পাওয়া যায়।
হাসান নাসরুল্লাহ বলেন, পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলার খরচ করেছে যাতে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ইমেজ নষ্ট করা যায় কিন্তু তাদের সে প্রকল্প ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, “আমাদের শক্তির গোপনীয়তা হচ্ছে আমরা কখনো রাজনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করি না। আমরা হলাম বলদর্পী শক্তি আমেরিকার শত্রু, আমরা ইহুদিবাদী ইসরাইল এবং ইহুদিবাদী প্রকল্পের শত্রু।”
হিজবুল্লাহ মহাসচিব বলেন, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেবাননের সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করেন এমনকি লেবাননে কোন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে এবং কোথা থেকে তেল আমদানি করা হবে সেসব সম্পর্কেও তারা সিদ্ধান্ত দেন।
ইরান থেকে তেল আনা প্রসঙ্গে হাসান নাসরুল্লাহ জানান, প্রথম ট্যাংকার লেবাননের পথে রয়েছে, শিগগিরি আরো ট্যাংকার লেবাননের উদ্দেশ্যে রওয়ানা দেবে।#



