ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগ অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায় ‘ফরমায়েশি’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
ফখরুল বলেন, বিচারব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেপ্তার করা হয়েছে সেই আইন কিন্তু জামিনযোগ্য। সেই বৃটিশ আমলের এই আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে, সেটা প্রয়োগই হয় নাই। এটাতে জামিনযোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না, একদিন একদিন করে পেছাচ্ছেন। কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবে না এবং ৫ হাজার জামানত। কেনো বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েশি রায় বলে আমরা মনে করি।
আজ ভার্চুয়াল আদালতে শুনানী শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিকদের বর্তমান ‘অনৈক্য’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি- আপনাদের দূবর্লতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ই্উনাটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষন করতে পারছেন না। আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাটেডলি দাঁড়াতে পারেন না।
ফখরুল বলেন, কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোসিয়েট করা হচ্ছে। কে নেগোসিয়েট করছেন? আপনাদের ইকবাল সোবহান চৌধুরী সাহেব। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর-রুনির হত্যার আন্দোলনের সময়ে? আন্দোলনের কয়েকদিন পরে উনি এডভাইজার হয়েছিলেন। তারা যদি আজকে আপনার নেগুসিয়েট করে সরকারের সাথে, যারা একেবারে লেজুড়ভিত্তি করে- তাহলে এর চেয়ে রেজাল্ট কি পাবেন?
তিনি বলেন, এখন বিচারব্যবস্থা সরকার কি বলে না বলে তার উপর নির্ভর করে-আমরা এই কথা বহুবার বলেছি যে, সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে। সেই কারণে আজকে এটা (রায়) হচ্ছে, এই কথাটা এজন্য আসছে এবং আপনাদের এটা নিজেদের অনুধাবন করা উচিত-‘ফর এক্সিসট্যান্স অব এ ফ্রি মিডিয়া’। নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।


