ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গতকাল সোমবার দেয়া হয় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা। সকাল ৯টা থেকে শুরু হয়ে এই টিকার কার্যক্রম চলে একটানা দুপুর ২টা পর্যন্ত।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ৩৫ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো।
করোনা অতিমারি রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেওয়া ১ দিনে ১ কোটি করোনা টিকাদান কার্যক্রম গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালায় সরকার। সোমবার তার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত বুস্টার ডোজ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম জানান, গণটিকা কার্যক্রমের প্রথম পর্যায়ে মহানগরের ৩০টি ওয়ার্ডের জন্যে ৩০ হাজার ডোজ করোনা টিকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তাই সোমবার দ্বিতীয় পর্যায়ে তার মহানগর এলাকার জন্য ৩৫ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। মোট ৭৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
এর আগে, ১৬ ফেব্রয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, ২৮ ফেব্রæয়ারিই করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন।
এরপর থেকে রাজশাহীসহ দেশের কোথাও আর প্রথম ডোজ টিকা দেওয়া হয়নি। তবে বুস্টার ডোজ কার্যক্রম চলছে। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়া হচ্ছে।


