হাসান আবাবিল : ভাব, ভাষা, ছন্দ, আঙ্গিক ও রূপরীতির সমন্বয়েই কবিতা ও গান নামক শিল্পের সৃষ্টি। কবিতা ও গান রচনার ক্ষেত্রে চিন্তা-ভাবনা, কল্পনা, আবেগ অনুভূতি, এমন অনেক কিছুই প্রয়োজন হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনিয় ও অত্যাবশ্যকিয় উপাদান হলো ভাব ও ভাষা। ভাব ও বক্তব্য ছাড়া কবিতা বা গান রচনা হতে পারে না, বস্তুত ভাবকে অবলম্বন করেই এবং ভাষা বা বক্তব্যের সাহায্যেই কবিতা বা গান আত্মপ্রকাশ করে থাকে। যে কোন সাহিত্য বা শিল্পকর্মের অপরিহার্য অবলম্বন হল ভাব, ভাষা ও রূপ।
কবি জীবনান্দ দাশ “ কবিতার আত্মা ও শরীর ” প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তার এক নিবন্ধে বলেছেন, ‘ কবি যখন ভাবাক্রান্ত হয় তখন তার চোখে ছবি দেখে, কান শোনে শব্দ এবং চোখ ও যেন অনুভব করে ছন্দ বিদ্যুৎ’। কোন ছন্দে কবিতাটি রচিত হবে অনেক সময় মুহুর্তের মধ্যেই নির্মিত হয়ে যায়; কারণ যে-কোন ছন্দে রূপ পরিগ্রহ করতে পারে না, কবি প্রেরণার তারতম্যের অনুসারে ছন্দের জগত নির্ণয় হয়। কবিতা ও সঙ্গীত রচনার জন্য মনে মনে ভাব অর্থাৎ বক্তব্যের যে লালন, ছন্দ, ছন্দধ্বনি, সুর, তাল-লয় এবং উপমা-চিত্রকল্পের যে পরিচর্যা তা রচয়িতার বা কবির সংগোপন বা একান্ত ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু এর সব কিছুই পরিশেষে কাগজের পাতায় তথা পান্ডুলিপির পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে হয়। আর এই কাজটি করতে গিয়ে কবি বা লেখক কে অনেক ক্ষেত্রেই কবিতা কিম্বা সঙ্গীত অথবা অন্য কোন রচনা তৈরি করতে গিয়ে যথেষ্ট শ্রম, ধৈর্য্য ও নিষ্ঠার সাথে সংরক্ষন, সংস্কার, পরিমার্জন ইত্যাদি প্রকার কর্মকান্ড করতে হয়।
শিল্প সচেতন ও সৃজনধর্মী প্রতিভাবান কবির মতই কাজী নজরুল ইসলাম হৃদয় দিয়ে উপলব্ধি করতেন যে ভাব, ভাষা, ছন্দ, আঙ্গীক ও রূপরীতির মনোহর সমন্ময়ের অন্য নাম শিল্প-সৃষ্টি বা কাব্য-সাহিত্য রচনা।
কাজী নজরুল ইসলাম সহজাত প্রতিভা ছাড়াও কৈশরে লেটো’র দলে থাকার কারণে কবিতা ও গান রচনার এক ধরনের প্রশিক্ষণ ও অভ্যাস তাঁর আয়ত্তে এসে গিয়েছিল। ‘লেটো’ দলে থাকার কারনে এবং পরবর্তীতে বিভিন্ন সময় নজরুলকে তাৎক্ষনিক ভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বহু কবিতা-গান রচনা করতে হয়েছে। লেটো গানের দলে যোগদিয়ে নজরুল কোন অর্থ পেতেন না। তাই পবিত্র গঙ্গোপাধ্যায়কে নজরুল চিঠিতে লিখেন-
“চারুলিয়ার লেটোর দলে গান লিখিয়ে নজরুলকে কেইবা এক কানাকড়ি দাম দিয়েছে।”
লেটোগানের দলে যোগদান নজরুল প্রতিভা বিকাশর প্রাথমিক স্তর। এসময় তিনি বাংলা, উর্দু, পারসি ও আরবী শব্দভান্ডার রপ্ত করেন। এমনকি হিন্দু মিথ এবং মেথডোলজি, পুরাণ, মহাভারত, বেদ ইত্যাদি ঐ সময়েই পড়ে ফেলেন। লেটোর দলেও নজরুল তার প্রতিযোগিতামূলক পালা রচনার জন্য সমাদৃত ছিলেন। লেটোর দলে নজরুলকে ‘ছোট ওস্তাদজী’ ডাকা হতো। লেটোর দলে থাকাবস্থায় তাকে সবাই ‘দুখুমিয়া’ নামে চিনতো।
নজরুল কখনও কখনও সম্পাদকীয় নিবন্ধও রচনা করেছেন। নজরুলের বহু কবিতা প্রকাশিত হয়েছে সংবাদ পত্রের উপ-সম্পাদকীয় পৃষ্ঠায়। গ্রামোফোন কোম্পানীতে গীতিকার, সুরকার ও ট্রেইনার হিসেবে কাজ করার সময় রচনা করেছেন বহু গীতি-কবিতা। গ্রামোফোন কোম্পানীর বিশেষ তাগিদে যে সমস্ত রচনা তিনি করেছেন তা যে সর্বদা অনায়াসে সৃষ্টি হয়েছে বা তাৎক্ষনিক ভাবনার ফসল তা নয়। এসবের পেছনে কবির যথেষ্ঠ চিন্তা, ভাবনা, আবেগ, শ্রম ও সাধনা অন্তর্গত রয়েছে।
কবি একেকটি রচনাকে শিল্প রূপ প্রদান করতে গিয়ে যথেষ্ঠ শ্রম ও সাধনা করেছেন যার প্রমান পাওয়া যায় নজরুলের অসংখ্য গান ও কবিতার মূল পান্ডুলিপি দেখে। সেখানে যথেষ্ঠ পরিমান কাটা-ছেঁড়া, সংস্কার, পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে। যে কোন রচনার ক্ষেত্রেই নজরুল ছিলেন যথেষ্ঠ আগ্রহী, চিন্তাশীল ও মননশীল। সাহিত্য রচনায় নজরুলের শ্রম, সাধনা ও শিল্প মানের ক্ষেত্রে কোন ঘাটতি থাকতো না। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে নজরুল ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত তার কবিতা ‘কবিতা সমাধি’ তে লিখেছেন :
“ পরিশ্রমে গলদঘর্ম-সারা নিশি জেগে
ভাব-শিরে মুহুর্মুহু ল্যাঠাঘাতি রেগে
সেকি-লেখা লেখিলাম মহামহা পদ্য!
অক্ষর একুন করি যোজিলাম চৌদ্দ।
মৃচ্ছকটিক আর শব্দসার ভ্রমি
আনিলাম কাব্য এক শব্দকল্প দ্রুমি। ”
[ সওগাত- আশ্বিন, ১৩২৬]
অজস্র কবিতা, গান ও অন্যান্য রচনা উপহার দিতে গিয়ে নজরুলকে যথেষ্ঠ পরিমান শ্রম ও সাধনা ব্যায় করতে হয়েছে। নজরুলের কবিতা, গান ও অন্যান্য রচনার অনেক পান্ডুলিপিতে কবির নিজের হাতের সংস্কার, পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধনের স্বাক্ষরিত রুপ দেখেই তা অনুমান করা যায়।
কবি, গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম বিচিত্র ভাব, ভাষা, আঙ্গিক ও রুপরীতির কয়েক হাজার গানের রচয়িতা। আমার ধারনা মতে বাংলা সাহিত্যে তিনিই সর্বাধিক সংখ্যক গান রচনা করেছেন। শুধু আমি নই, অনেক বিশেষজ্ঞের মতে, সম্ভবতঃ বিশ্ব সাহিত্যেও এত বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের গান আর কোন কবিই রচনা করেননি। সহজাত কবি প্রতিভা ও সৃজনক্ষমতার সঙ্গে নজরুলের ছিল সঙ্গীত সম্পর্কে গভীর জ্ঞান, ধারনা ও অভিজ্ঞতা। একাধারে কবি, সুরকার, গীতিকার হিসেবে নজরুল গান রচনা ও সুর করতেন অবলিলায়। নজরুলের গান ঐন্দ্রজালিক প্রতিভা, সৃজনক্ষমতা, শ্রম, সাধনা ও নিষ্ঠার স্বর্ণালী ফসল।
কবি ও সুরকার নজরুল সাধারনত প্রথমে সুর রচনা করতেন এবং সেই সুর অনুযায়ী কথা বসাতেন। নজরুলের অনেক কবিতা ও গানেই দেখা যায় উচ্চারনের প্রকৃতি অনুয়ায়ী, সুরের অনুরোধ এবং গান গাওয়ার সুবিধার দিকে লক্ষ্য রেখে, শুধু ছন্দ বিন্যাসেই বা স্তবক বিন্যাসেই ভিন্ন ভিন্ন রীতি অনুসরন করা হয়নি, শব্দের শব্দের বানান রীতিতেও একই ব্যাপার ঘটানো হয়েছে। নজরুলের রচিত বিভিন্ন গানের দিকে লক্ষ্য করলে অনুধাবন করা যায়, তিনি সুরের অনুরোধেই শব্দের ভিন্নতা এনেছেন। যেমন একই শব্দ কোথাও “আরশ” কোথাও “আর্শ”। কোথাও “য়্যা ইলাহী” কোথাও “ইয়া ইলাহী”। মোহররম, মোহরম, কওম, কৌম, এয় খোদা, ইয়া খোদা এধরনের শব্দের উচ্চারনের পার্থক্য অনুযায়ী বানানের ভিন্নতা আছেই।
নজরুলের ছিল বিশেষ ধ্বনি-জ্ঞান এবং সু² সুরের কান। তাই তিনি উচ্চারনগত কারণে এবং সুরের প্রয়োজনে শব্দের অবস্থানগত দিক বিবেচনা করে বানানের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন রীতি অনুসরন করেছেন। আর সে অনুযায়ী ব্যাবহার করেছেন উর্ধ কমা, হসন্ত, হাইফেন, যতি, কমা, সেমিকোলন, দাড়ি ইত্যদি। কিন্তু তিনি সর্বত্রই এক ও অভিন্ন রীতি অনুসরন করেননি। প্রয়োজনে ভিন্নতাও ঘটিয়েছেন। সুবিধার জন্য বা সুরের প্রয়োজনে নজরুলের রচনায় ‘ভোমরা’ হয়েছে ‘ভোমোরা’ এবং তা সুরের মাধুর্যও বাড়িয়েছে।
করাচি থাকাকালিন নজরুল কয়েকটি বিষয় রপ্ত করেন। যেমন-স্বরলিপি দেখে রবীন্দ্র সংগীত তোলা, একাধিক বাদ্যযন্ত্র শেখা ইত্যাদি। ঐ সময় তিনি নিয়মিত নিষিদ্ধ রাজদ্রোহমূলক পত্রিকা পড়তেন এবং কলকাতার বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন।
১৯২১ সালের ১০ ডিসেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ গ্রেফতার হলে তার স্ত্রী বসন্তী দেবী দেশবন্ধুর সম্পাদিত পত্রিকা ‘বাঙলার কথা’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন। তিনি নজরুলের কাছে একজন প্রতিনিধি পাঠান তাঁর পত্রিকার জন্য একটি কবিতা দেওয়ার জন্য। মুজাফফর আহমেদ লোকটিকে নজরুলের সাথে পরিচয় করিয়ে দেন। নজরুল তাৎক্ষণিক মাত্র ১৫ মিনিটে “ভাঙার গান” নামক অস্বাধারণ কবিতাটি লিখে ফেলেন।
“কারারঐ লৌহ কপাট
ভেঙেফেল কররে লোপাট রক্ত জমাট
শিকল পুজার পাষাণ বেদী।”
১৯৩০ সালের পর থেকে নজরুল কবিতা লেখা কমিয়ে দিয়ে গান রচনা, সুর করা, বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া, রেড়িও তে গান গাওয়া, গান শেখানো, গজল লেখা ইত্যাদিতে বেশি মনোনিবেশ করেন। এসময় নজরুলের গান ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করে। এজন্যই নজরুল তার একটি চিঠিতে বন্ধু মোতাহারকে লিখছেন-
“আমার বোধহয় কথার পালা শেষ, এখন শুধু গানে গানে প্রাণের আলাপন।”
শিল্পি আব্বাস উদ্দীন আহমেদের বার বার তাগিদে, লোকের চাহিদা ও ব্যাবসার কথা চিন্তা করে গ্রামোফোন কোম্পানী বাংলাতে ইসলামী গান রেকর্ড করার সিদ্ধান্ত গ্রহন করলে শিল্পি আব্বস উদ্দীনের বিশেষ অনুরোধে কবি রচনা করেন …
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…’
ঐ সময় কলকাতা ম্যাডান থিয়েটারের প্রধান নাট্যকার, গীতিকার ও সুরকার ছিলেন কাস্মীরের জনাব আগাহ হাশ্যর, তার একটি গান, “হাম জায়েঙ্গে ওয়াহা খুশদিলে দিওয়ানা যাহা হো”। এই গানের সুরকে ভিত্তি করে নজরুল সুরারোপ করলেন বাংলা ভাষার প্রথম অপরাজেয় ইসলামী গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে…’।
এর পর একে একে শিল্পি তকরীম উদ্দিন, শিল্পি দুলু বিবি, গনি মিয়া, আব্বাস উদ্দীন, আসরাফ আলী, রওশন আরা বেগম, শিল্পি মোহাম্ম কাশেম দ্বারা মুসলিম সমাজ অর্থাৎ বাংলা সাহিত্যের ইসলামী গানের জগতে প্রকাশ পেতে থাকে কাল জয়ী গান। যার মধ্যে
‘যাবি কে মদিনায় আয়…’
‘মোহাম্মদ মোস্তফা সাাল্লেয়ালা…’
‘দরিয়ার ঘোর তুফান পার কইরা নাইয়া…’
‘মুর্শিদ পীর বল রাসুল কোথায় থাকে…’
‘তুমি আশা পুরাও খোদা…’
‘সকাল হলো শোনরে আজান…’
‘হে নামাজি আমার ঘরে…’
এমন সব হৃদয়স্পর্শি গান প্রকাশ পেতে থাকে। এসব গানের মধ্যে অধিকাংশ গান ১৯৩৩ থেকে ১৯৪১ সনের মধ্যে রেকর্ডকৃত হয়। যার মধ্যে অসংখ্য গান শিল্পি আব্বাস উদ্দীন কর্তৃক গীত হয়েছে।
ক. সজল চোখে বেলা শেষের রাগিণী।।
খ. বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল।।
গ. আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল।।
ঘ. দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী।।
নজরুলের সৃষ্টি সাগরে সঙ্গীত বন্দরের উচ্ছ¡লতমো সম্পদ হল বাংলা গজল। আধুনিক বাংলা গানের যা একেবারেই নতুন। ফার্সি গজলের অনুকরণে সৃষ্ট বাংলা গজল নিমেষেই ভাবসাগরে ডুবিয়ে দিয়েছে শ্রোতাদের। প্রকৃতপক্ষে নজরুলের বাংলা গজলগুলো সুর সোহাগে ঢলোঢলো করে। তৃপ্তিতে আনন্দে¬ হƒদয় উপচে ওঠে। উছলে ওঠে মনের সুকুমার বৃত্তির অরূপ বোধন। আবেগে তন্দ্রাপ্লুত হয় মানুষ।
নজরুল শুধু ইসলামী সঙ্গীতই নয়, প্রেম-বিরহ, সাম্য-বিদ্রোহ ছিল নজরুলের গানের উপজীব্য। নজরুলের রচিত শ্যামা সঙ্গীত নিয়েও আলোচনার অবকাশ রয়েছে। জীবদ্দশায় কাজী নজরুল ইসলাম ছিলেন আপাদমস্তক অসা¤প্রদায়িক মানসিকতা সম্পন্ন একজন আলোকিত সুন্দর মানুষ, যে কারণে তার পক্ষে মথুরা-বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে নিয়ে কাওয়ালী ঢংয়ে গান কম্পোজ করা সম্ভব হয়েছে। সেই আশ্চর্য গতিশীল গানটি আমরা অনেকেই শুনেছি …
‘এল নন্দের নন্দন নব ঘন শ্যাম/ এল যশোদা নয়ন মনি নয়নাভিরাম /
প্রেম রাধার মন নব বঙ্কিম ঠাম/ চির রাখাল গোকূলে এল … কৃষ্ণজী কৃষ্ণজী কৃষ্ণজী কৃষ্ণজী’
যমুনাপাড়ের গোকুলে বালক কৃষ্ণ গোপাল গরু নিয়ে মাঠে যেত। দিনভর নেচে গেয়ে খেলে বেড়াত। সেই অভূতপূর্ব দৃশ্যের বর্ননায় নজরুল লিখেছেন একটি মনোরম চরণ: কাল্-রাখাল নাচে থৈ-তা-থৈ।।
স্বৈরাচারী মথুরারাজ কংসের কারাগারে কৃষ্ণের মাতা-পিতাকে বন্দি করে রাখা হয়েছিল। সে প্রসঙ্গে লিখেছেন: ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন / কারার মাঝে এলো বন্ধ-বিমোচন/ ধরি’ অজানা রূপ আসিল অনাগত/ জাগিয়া ব্যথাহত ডাকে, মাভৈঃ।।
নজরুলের স্পর্শকাতর মানস বহু বর্ণিল ভারতীয় ঐতিহ্যে লালিত। হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতি মূলত বহু¯্রােতে বহমান। জীবনভর তাঁর গানে, তাঁর কবিতায় নজরুল এই বহুমাত্রিক বিচিত্র জীবনধারাকে মেলানোর সাধনা করেছেন। গানেও নজরুল সে প্রমাণই দিয়েছেন। যেমন, কাওয়ালী মূলত মুসলমানী সংগীত রীতির একটি ধারা, সেই কাওয়ালী ঢংয়ে মথুরা-বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে নিয়ে নজরুল গান বেঁধেছেন: শ্রীকৃষ্ণকে নিয়ে গভীর আবেগ ব্যক্ত করেছেন এবং এভাবে রেখে গেছেন অসা¤প্রদায়িক পথে হাঁটবার ইঙ্গিত। নজরুলের পূর্বে বাংলায় কোন খেয়াল রচিত হয়নি। তিনি তা করেছেন। তিনি ঠুংরির সংযোগও করেছেন, যা আগে বাংলায় তেমন একটা ছিল না বললেই চলে।
সংগীতে নজরুলের অবদান বিশ্লেষনাতিত। নজরুল নিজেই বলেছেন, ‘কবিতায় বাঁচি কি না বাঁচি, সংগীতে বেঁচে থাকব।’ সংগীতের নজরুল জিবদ্দশায় প্রায় আঠারোটি রাগ উদ্ভাবন করেন যা আগে একেবারেই ছিল না। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। তাই রাগের ক্ষেত্রে নজরুলের অবদান অনস্বীকার্য, যা তার বেঁচে থাকার এক অনবদ্য স্থান। রবীন্দ্রনাথ ইসলাম ধর্মীয কোন বিষয গান রচনা করেছেন বলে আমার জানা নেই। আর নজরুলের শ্যামা সংগীতের কথা না বললেই নয়। তাঁর শ্যামা সংগীত হিন্দুযানী তাৎপর্য যতটুকু ব্যাপক ও বৃহত্তর রূপ প্রকাশ করে, ইসলামী গজলেও হয়তো সেই মাত্রার তাৎপর্য প্রকাশ পায়নি। এর মূল কারণ ইসলাম সম্পর্কে তাঁর জ্ঞান যা ছিল পক্ষান্তরে হিন্দুশাস্ত্রেও ছিল অগাধ জ্ঞান। ইসলামী সংগীত, শ্যামা সংগীত উভয় ক্ষেত্রেই তাঁর প্রতিভার পরিচয় দিয়ে জাতিগত বিদ্বেষেরও স্বীকার হয়েছিলেন। তবুও তিনি সাহিত্য রচনা থেকে পিছিয়ে যাননি।
আধুনিক বাংলা গান ও কবিতাকে মুক্ত করার ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল সবচেয়ে ফলপ্রসূ। সেই দিক থেকে তিনি বাংলা কবিতায় রবীন্দ্রোত্তর আধুনিকতার পথিকৃৎ। বিশ ও ত্রিশের দশকে উপমহাদেশের অবিভক্ত বাংলার সাংস্কৃতিক জগতে সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। নজরুল তার গানের মাধ্যমে বিশ ও ত্রিশের দশকে পরাধীন ভারতে, বিশেষত অবিভক্ত বাংলাদেশে পরাধীনতা, সা¤প্রদায়িকতা, মৌলবাদ, সা¤্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং দেশী-বিদেশী শোষণের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ ও সোচ্চারকণ্ঠ ছিলেন।
নজরুলের ভালোবাসার গানের প্রসঙ্গে আসা যাক। যে গানে পরমের নিপাট নিখাঁদ বন্দনা আছে। যে গান গাইলে বুক ভেঙে যেতে চায় আনন্দ বেদনার তীব্র অনুভবে। যে গান শুনলে বাধা মানে না অশ্রু, শ্রোতা ডুবে যায় পরম চিন্তার গভীরে। নিঃসংকোচ নির্ভয় নির্ভার চিত্তে বিশ্বজুড়ে তখন বাজতে থাকে-
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,/ সেকি মোর অপরাধ?/
চাদেরে হেরিয়া কাঁদে চকোরিণী/ বলে না তো কিছু চাঁদ।…
নজরুলের ভালোবাসার গানের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল, প্রেমকে ধারণ করার সচেতন প্রয়াস প্রেমিকের কাছে নিঃশর্ত নিবেদন। তার প্রেমানুভবে মানুষ প্রেমিক, দেবতা তথা পরম সুন্দর একাকার হয়ে গেছে বারবার। হƒদপদ্ম ছাড়িয়ে সে প্রেম খুঁজেছে অখন্ড সুন্দরের প্রসূন পরাগ। তাই নজরুল গাইতে পারেন :
আমার আপনার চেয়ে আপন যে জন/খুঁজি তাকে আমি আপনায়/
আমি শুনি যেনো তার চরণের ধ্বনি/আমারি তিয়াসি বাসনায়…
নজরুল ছিলেন প্রকৃতির সন্তান। বিশ্বের রূপ রস গন্ধ বর্ণ, নদী, পাখি, ফুল-ফল, ষড় ঋতুর বৈচিত্র, খরতাপ বর্ষা, মসজিদ-মন্দির, অবতার, নির্যাতিত মানুষ, বঞ্চিত লাঞ্ছিত নারী, আদিবাসীদের জীবন ইত্যাদি তিনি দেখেছেন অপার মমতার দৃষ্টিতে। সবই তুলে এনেছেন সৃষ্টির বর্ণালি ক্যানভাসে। দেশের আদিবাসী ও নিম্ন বিত্ত মানুষদের নিয়ে তিনি যেসব গান রচনা করেছেন, তার বয়ানে শব্দ চয়নের যে সারল্য, তার তুলনা পাওয়া যায়।-
ক. চুড়ির তালে নুড়ির মালা রিনি ঝিনি বাজে লো,
খোঁপায় দোলে বনফুলের কুঁড়ি।।
খ. পরনে শাড়ি লিবো না, না লিবো গয়না
সোনার ও গয়না, আমার গায়েথে সয় না।।
গ. হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধবো না বাঁধবো না চুল।।
এসব গানে মাটি ঘেঁষা মানুষদের সহজ সুখী জীবনের নিপাট চিত্র ফুটে উঠেছে। মহুয়া মদের নেশায় বুঁদ হয়ে কালো প্রেমিক-প্রেমিকা কাঁকাল ধরে নাচে পরমানন্দে। জীবনচারিতায়, তেলের বাটি আর গামছা এবং প্রসাধনে বনফুল, গাঁদা ফুল, পলাশ ফুলই তাদের ভালোবাসার মোহন উপকরণ। আধুনিক বাংলা গানে এই ধরনের গানও নতুন সংযোজন।
The Futurism of Young Asia গ্রন্থের উৎস হিসেবে ১৯১৭ সালে আমেরিকার ক্লার্ক বিশ্ববিদ্যালয়ে বিনয় কুমারের একটি বক্তৃতাকে চিহ্নিত করা হয়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিকে পুনর্গঠনে বিনয় কুমারের গ্রন্থটি বিশেষ প্রেরণা জুগিয়েছিল বলে জানা যায়। প্রাচ্য সমাজ ও সভ্যতা নিয়ে শ্বেতাঙ্গদের ব্যাখ্যা ও যুক্তির প্রতিবাদ হিসেবে রচিত বিনয় কুমারের গ্রন্থটিতে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ প্রতিবাদী কবি অন্তর্ভুক্ত হবেন এটাই হয়তো স্বাভাবিক ছিল। কি লিখেছিলেন বিনয় কুমার কাজী নজরুল ইসলামের আবির্ভাব নিয়ে? সে গ্রন্থের Currents in the Literature of Young India অধ্যায়ে (পৃ. ৩০৭) Recent Bengali Thought উপশিরোনামযুক্ত ছিল। তিনি বলেছিলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলা সাহিত্যে সবচেয়ে উলে¬খযোগ্য ঘটনা হলো, মুসলমান লেখকদের আবির্ভাব।’ শুধু সাংবাদিকতায়ই নয়, কথাসাহিত্য ও অন্য সব সৃজনশীল সাহিত্য ধারায়ও তাঁদের উপস্থিতি উল্লেখ করার মতো। সে প্রঙ্গেই বিনয় কুমার ‘বিদ্রোহী’র উদাহরণ দেন। নজরুলকে নিয়ে বিনয় কুমারের ভাবনা কিন্তু সে গ্রন্থেই থেমে যায়নি।
নজরুলের গান নিয়ে তাঁর মূল্যায়ন সেকালে যেমন অভিনবত্বের সঞ্চার ঘটিয়েছে, তেমনি আজকের গবেষকের কাছেও কম উদ্দীপক নয়। বিনয় কুমারের স্পষ্ট মূল্যায়ন নজরুল কবিতা-গান বাংলার পাঁচালী-যাত্রাগানের-উত্তরাধিকার। পাড়াগাঁয়ের মেঠো-মিঠে শব্দের প্রতি নজরুলের আকর্ষণ বিনয় কুমারের প্রধান ভালোলাগা। নজরুলের কবিতা-গানের একনিষ্ঠ পাঠক বিনয় কুমারের পাঠতালিকায় যেমন ছিল সে কালের সাহিত্যসম্ভার, তেমনি তরুণ লেখক নজরুলের রচনাও। তাঁর মতে, বিংশ শতাব্দীর প্রথমদিকে শুরুহয়েছে রৈবিক সুরের ধারার, আর তার বছর পঁচিশেক পর শুরুহয় নজরুলি ধারা। ‘এই দুই সুরের ধারা অনেকটা আলাদা আলাদাভাবে বাঙলার নরনারীকে তাতাতে-তাতাতে চলবে।’ বিনয় কুমার নজরুল সাহিত্যের পটভূমিও নির্দেশ করেছেন, নজরুল সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাবও নির্দেশ করেছেন। কিন্তু তার পরও বলেছেন, ‘রাবীন্দ্রিক চিত্ত নজরুলের নয়’।
সুদূর বার্লিন শহর থেকে প্রকাশিত ‘The Futurism of Young Asia’ গ্রন্থ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম এবং তাঁর সাহিত্য প্রসঙ্গে বিশ্বভ্রামণিক বাঙালি পন্ডিত বিনয় কুমার সরকার আমৃত্যু আগ্রহ দেখিয়েছেন, যদিও নজরুল অনুরাগীদের তালিকায় তাঁর নাম উচ্চারিত হয়নি কখনো।’
বিশ শতকের ত্রিশের দশক ছিল রতœগর্ভা সময়। আধুনিক কথাসাহিত্য এবং কাব্যসাহিত্যে নতুনের প্লাবন বয়ে গিয়েছিল। নতুনের হাওয়া বয়েছিল সঙ্গীতের জগতেও। অবিভক্ত ভারতে ওই সময় ব্রিটিশ তাড়ানোর আন্দোলন প্রবলরূপে প্রকাশ পায়। যারা রাজনৈতিক কর্মকান্ড ও আন্দোলনে অংশ নিলেন, তারা জীবন বাঁধা রাখলেন দেশমাতার মুক্তি আন্দোলনে। আর যারা মনে মনে শুদ্ধ দেশচেতনা নিয়ে নীরবে সাহসী কর্মীদের সমর্থন জানাতেন, তারা নিজেদের নিবেদন করলেন দেশ বন্দনা তথা জাগার গান রচনায়। নজরুল ছিলেন রাজনীতি সচেতন। তিনি লিখলেন ভাঙার গান, সংগ্রামের গান। গাইলেন প্রতিবাদের গান ছাড়লেন প্রতিকারের হুংকার। যুবসমাজের রক্ত গরম হয়ে উঠত ওসব গানের ভাষা শুনে। গান তো নয়, যেন হাতুড়ি শাবল গাঁইতি কোদাল বাজে ঝনঝন ঠনঠন করে।
বর্তমান সমাজে নিপিড়নের বিরুদ্ধে সেই নজরুলের সংগ্রাম, প্রতিবাদ, প্রতিকারের হুংকার আর চেতনা যেন মলিন হতে বসেছে। নজরুলের দর্শন আর আদর্শ যেন পুস্তকের ভারে চাপা পড়তে বসেছে।
জাতির মূল্যবোধ আর চেতনা কে অক্ষুন্ন রাখতে হলে প্রয়োজন জাতিয় কবির চেতনা সংরক্ষণ করা। আর সে জন্য নতুন প্রজন্মের কাছে নজরুল এবং নজরুল সংগীতকে নতুন ভাবে তুলে ধরতে হবে। তাদের মধ্যে অনেক প্রতিভাবান নজরুল সংগীত শিল্পী আছে। কিন্তু যথাযথ সুযোগ সুবিধার অভাবে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান কম্পোজার থাকলেও তারা গানের শৈল্পিক দিক এর বদলে ব্যবসায়িক দিকটিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এ অবস্থা থেকেও সরে আসতে হবে।
নতুন প্রজন্মের নজরুল সংগীত শিল্পীদের বেশি বেশি কাজ করার সুযোগ করে দিতে হবে। নজরুলের মূল গানের কথা ও সুর ঠিক রেখে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া যদি এ উদ্যোগকে যথাযথ সমর্থন যোগায় এবং এফ.এম রেডিও স্টেশন গুলো যদি নজরুল সংগীত আরো বেশি বেশি করে প্রচার করে তবে নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা সহজে সম্ভব।
জার্মানরা পৃথিবীময় গ্যেটেকে তুলে ধরেছে, ইংরেজরা শেক্সপিয়রকে তুলে ধরেছে, ইরান তুলে ধরেছে হাফিজ ও ফেরদৌসিকে; কিন্তু আমরা সেভাবে নজরুলকে তুলে ধরতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা।

হাসান আবাবিল
প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজশাহী ছড়া সংসদ
নাট্যকার ও নাট্যশিল্পী, বাংলাদেশ বেতার,
প্রতিষ্ঠাতা, শহীদ কামাল খা স্মৃতি পাঠাগার, রাজশাহী।


