কে এমন আকাশ ভেঙে ফেলে আমার মাথার ওপরে?
কে এমন সমস্ত পৃথিবীকে আগ্নেয়গিরির ভীষণ
আগুনে পুড়িয়ে অগ্নিশিখা বানিয়ে প্রেক্ষেপণ
করে আমার বুকের ভেতরে?
আহা মাইরস্টোন! দেখো দেখো কিভাবে
আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে
তোমার আঙিনাতলে?
কী নির্দয়ভাবে পুড়িয়ে দেয় তোমার বাগানের ফুলগুলো সব!
দেখো- কিভাবে তোমার অশ্রুসিক্ত নয়নের সামনে
জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে স্বপ্নের চারাগাছগুলো!
দেখো কী নির্মমভাবে ভস্মীভূত হচ্ছে আমার
কলিজার টুকরার স্কুল ড্রেস, জুতো,
আইডি কার্ড ও নামের ব্যাচ!
না, ওগুলো জামা, জুতো কিংবা কোন নামের ব্যাচ নয়,
ঝলসে যাওয়া নিষ্পাপ ফুলগুলো প্রকৃতপক্ষে
কোন ফুল নয়, ওরা বাংলাদেশের একেকটি হৃদয়!
আহা মাইলস্টোন! কেমন করে ফুলের পরিবর্তে
আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে এমন বুকে ধরি?
ওরা তো কেবল ফুলের শিশু ছিল না,
ওরা ছিল একেকটি অশ্বত্থের চারাগাছ,
একদিন ওরাই দাঁড়িয়ে যেত বাংলাদেশের
সমস্ত মানচিত্র জুড়ে,
শত ঝড় ঝঞ্ঝা ও ভুমিধ্বসে ওরাই তো রক্ষা করতো
বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল;
২৪এর গণ-অভ্যুত্থানের মত ওরাই তো শিসাঢালা প্রাচীর
হয়ে রুখে দিতো বাংলাদেশের ওপরে
ঝাঁপিয়ে পড়া আবার কোন আবরাহার হস্তী বাহিনী!
আহা মাইলস্টোন! কেমন করে সহ্য করি
এমন অপঘাতে হাজারও স্বপ্নের অপমৃত্যু?
এই দেখো বাংলার সবুজ জমীনে কেমন
জ্বলে ওঠেছে নির্মম ভিসুভিয়াস?
এই দেখো আমার সমস্ত নয়ন জুড়ে আজ
কেবলই উথলে ওঠে বঙ্গোপসাগর!
জানি- আমাদের বুকের রক্তেই বারবার
রঞ্জিত হয়ে গড়ে উঠেছে গাঢ় সবুজের মাঝে
গাঢ় লাল বৃত্ত।
তবুও মেনে নিতে পারি না – বৃত্ত থেকে বেরিয়ে
সমস্ত সবুজ বদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া রক্তের দাগ!
আমার স্বপ্নের ডালপালাসহ পুড়ে যাওয়া
চারাগাছের ঘ্রাণ আমার যামিনী থেকে
ছিনিয়ে নেয় আয়েশী নিদ্রার চন্দ্র-কিরণ।
আহা মাইলস্টোন! কিভাবে নিশ্বাস নেবো
আমার কলিজা পোড়া ঘ্রাণে ভরা
আগামীকাল ভোরের বাতাসে!
আহা মাইলস্টোন! আহা মাইলস্টোন!
[মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে]
লেখক : এ কে আজাদ, রাজশাহী।


