ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান মানিক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

সকাল সাড়ে ৯ টার দিকে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।
এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষসহ অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৪/১১/২০২২ তারিখ।
উদ্বোধনী দিনে মোট ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় হিসাববিজ্ঞান বিভাগ বাংলা বিভাগকে ১-০ গোলে এবং দ্বিতীয় খেলায় সমাজকর্ম বিভাগ সংস্কৃত বিভাগকে ২-১ গোলে পরাজিত করে।


