ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকার নওদাপাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন বিআরটিসি বাস ডিপোতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য রাতের দিকে দুর্বৃত্তরা বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরেকটি বিআরটিসি এসি বাসের জানালার কাচও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, আগুনে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সময় দায়িত্বে থাকা নাইট গার্ড ও স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, মধ্য রাতের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে দুটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


