ধূমকেতু নিউজ ডেস্ক : শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এমন বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে। আবু সাঈদের আত্মত্যাগ আমার মতো একজন মধ্যবয়সী মানুষকেও রাস্তায় আন্দোলনে উদ্বুদ্ধ করেছে।”
আসিফ নজরুল বলেন, “বিচারে একটু দেরি হলেও অপরাধীরা শাস্তি পাবে। আমরা শেখ হাসিনার আমলের মতো যারে-তারে ধরে ফাঁসি দিতে চাই না। আইনের শাসন নিশ্চিত করে বিচার করতে চাই।”
সভায় শহীদ আবু সাঈদের বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে। তার মৃত্যু হাজার অন্যায়কারীর জীবনের চেয়ে সম্মানজনক।”
তিনি আরও জানান, চীনের অর্থায়নে রংপুরে নির্মিতব্য হাসপাতালকে ঘিরে একটি আধুনিক হেলথ সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে লালমনিরহাটের বিমানবন্দরকে আধুনিক করার কাজ চলমান রয়েছে।
আলোচনায় উপস্থিত ছিলেন: আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী, ইউজিসি চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ইউজিসি সদস্য ড. তানজীমউদ্দীন খান।


