ধূমকেতু প্রতিবেদক : ১৬ জানুয়ারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুবন হাসান লাঙ্গল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। তিনি সোমবার বিকেলে ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি রাহাত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গোদাগাড়ী থানা জাতীয় পার্টির আহবায়ক মিনারুল ইসলাম কালু, গোদাগাড়ী পৌর সভাপতি তৌহিদ ও সিনিয়র নেতা ডাক্তার সাইদুর রহমান।
এসময়ে তিনি বলেন, লাঙ্গল প্রতীক এর উপর মানুষের অনেক আস্থা বেড়েছে। কারন পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ সাধারণ জনগণকে নিয়ে বেশী ভাবতেন। জনগণের কথা চিন্তা করে উপজেলা গঠন করে সেখানে কোর্ট স্থান করেছিলেন। এছাড়াও ছিন্নমুল মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। সেইসাথে দেশের উন্নয়নের রোডম্যাপ তিনিই প্রথম শুরু করেছিলেন বলে জানান তিনি।
এছাড়াও রাজশাহী অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি ব্যাংক স্থাপনসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। তিনি বলেন, কাঁকনহাট পৌরসভার উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নাই উল্লেখ করে আগামী ১৬ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট প্রদান করার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন তিনি।


