ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
এতে চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল -গোমস্তাপুর-ভোলাহাট) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের।দলের এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্য মনোনয়ন প্রত্যাশীরা।
সোমবার সন্ধ্যায় নেয়া এক প্রতিক্রিয়ায় এ আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ও গত ২৬ অক্টোবর বিএনপির গুলশান কার্যালয়ে ডাক পাওয়া গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ জানান, এটি দলের প্রাথমিক মনোনয়ন। দলের দু:সময়ে যারা মাঠে ছিলেন তাদের মুল্যায়ন করা হয়নি।আমি এ বিষয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে আপীল করবো। গুলশান কার্যালয়ে ডাক পাওয়া অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন জানান, আমি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। একারণে আমরা অনেকেই মামলা মোকদ্দামার সম্মুখীন।
আমরা দলের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। এ আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী চাপাইনবাবগন্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ আহমদ বলেন, মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিভাগ ওয়ারী গত ২৬ অক্টোবর বিএনপির গুলশান কার্যালয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তাকে ডাক না দেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, গত ছয়টি জাতীয় সংসদ নির্বাচনে ( বিএনপি যে কয়টিতে দল অংশ নিয়েছে) তিনি দলের কাছে মনোনয়ন চেয়েছেন।
এতবার মনোনয়ন কোন প্রার্থী দলের কাছে চাননি। তিনি দলের একজন নিবেদিত প্রান কর্মী হিসেবে দাবী করে বলেন দলকে দীর্ঘদিন ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাকে না ডাকার বিষয়টা তিনি দলের উর্ধতন নেতৃবৃন্দের নিকট জানিয়েছেন । তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল সন্মানিত নেতৃবৃন্দের প্রতি তার আস্হা রয়েছে। জনবিচ্ছিন্ন ও এলাকায় অনুপস্থিত কাউকে দল চুড়ান্ত মনোনয়ন না দিয়ে সবার কাছে গ্রহনযোগ্য নেতাকে মনোনয়ন দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।এতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একযোগে কাজ করবে।
এদিকে, সম্ভাব্য প্রাথী হিসবে আলহাজ্ব আমিনুল ইসলামের নাম ঘোষণা করায় সোমবার রাতে এ আসনের প্রানকেন্দ্র রহনপুরে আনন্দ মিছিল বের করে সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম। এ সময় তার (আমিনুল ইসলাম) অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


