ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকের আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। জনগণ এখন প্রস্তুত- তাদের ভোটের অধিকার ফিরিয়ে নিতে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা হয়।
আবু সাঈদ চাঁদ আরও বলেন, চারঘাট-বাঘা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কেবল দলীয়করণে সীমাবদ্ধ ছিল, সেখানে এতো দিনে সাধারণ জনগণ বঞ্চিত ছিল। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে—শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল ও কৃষি সহায়তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। আমাদের লক্ষ্য মানুষকে স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া। বিএনপি বিশ্বাস করে, জনগণই রাষ্ট্রের মালিক, আর জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।


