ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : মহাদেবপুরে প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দলীয় মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিল করে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেটকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়। এ সময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় রবিউল আলম বুলেটের কর্মী সমর্থকরা।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাষ্টার, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু প্রমূখ।
এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে রাতে একই স্থানে ফজলে হুদা বাবুলকে বয়কট করে প্রার্থী পরিবর্তনের দাবীতে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় তারা বয়কোট, বয়কোট, ফজলে হুদা বয়কোট, গুলিবিদ্ধ নেতা বুলেট ভাই আমরা তোমায় ভুলি নাই, বুলেট ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি শ্লোগান দেন তারা।
উল্লেখ্য যে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী থানা বিএনপির সভাপতি এবং বদলগাছী উপজেলার বাসিন্দা।#


