ধূমকেতু প্রতিবেদক,নাটোর : অবৈধ ভাবে প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, লোড ফি বসিয়ে বিভিন্ন ভাবে হয়রানীর প্রতিবাদ ও বিদুৎতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নাটোরের গ্রাহক ও ছাত্র জনতা। সোমবার বেলা সাড়ে ১১টার শহরের হাফরাস্তা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির বক্তব্যে জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন, প্রি-পেইড মিটার দিয়ে আমাদের উপর এক প্রকার জুলুম চালানো হচ্ছে। একজন দিনমুজুর সারা দিন শেষে বাড়িতে গিয়ে প্রথমে শোনেন মিটারে টাকা নাই। সংসারের খাবারের টাকা যোগান দিতে হিমশিম অবস্থা । তার উপর আবার পকেট কাটা এই মিটার। এই মিটারের খরচের হাত থেকে বাঁচতে চাই।
জুলাই যোদ্ধা উল্লাস বলেন, পোস্ট পেইড মিটার থাকা অবস্থায় মাস শেষে বিল দেয়া হতো। প্রতিদিন কিছু টাকা রেখে বিল দেয়া যেত। এখন প্রায় প্রতিদিন টাকা দিতে হয়। আগে মাসে এক হাজার থেকে ১২’শ টাকা দিলেই মাস যেত। এখন প্রতিমাসে দুই হাজার থেকে ২৫’শ টাকা লাগে। আমরা আর পারছিনা। এর থেকে পরিত্রান চাই।
ছাত্র রবিন আহমেদ বলেন, নেসকো প্রি-পেইড মিটার দিয়ে সফটওয়ারের মাধ্যেমে ইচ্ছা মাফিক চার্জ নিচ্ছে। সাধারণ জনগনের টাকা লুটপাট করে নিতে এই মিটার দেয়া হয়েছে। এই মিটার বাতিল করে পোস্টপেইড মিটার স্থাপন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিশির মাহমুদ বলেন, অবৈধ ভাবে প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, লোড ফি বসিয়ে গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানী করছে নেসকো কর্তৃপক্ষ। এ আন্দোলন শুধু আমাদের নয়, রক্ত চোষা এই প্রি-পেইড মিটার আমাদের রক্ত চুষে খাবে। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এ আন্দোলনে যোগ দেয়া আহবান জানান।
তবে কর্মসূচি চলা কালে নেসকো কার্যালয় ঘিরে রেখে ছিলেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।


