ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এ্যাড. এমরান আলী সরকার খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি ছিলেন সৎ ও নির্লোভ। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের আলুপ্িট্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে মরহুম এ্যাডভোকেট এমরান আলী সরকার স্মৃতি সংসদের আয়োজনে ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিনু আরো বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে নিবেদিত ছিলেন এমরান আলী সরকার। আজীবন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছেন। শহীদ জিয়ার একনিষ্ঠ সৈনিক ছিলেন। তাকে বিএনপি অনেক সম্মান দিয়েছিলেন। স্থায়ী কমিটির সদস্যও বানিয়েছিলেন। সততা ও দক্ষতার সাথে কাজ করেছেন সবসময়।
তিনি আরো বলেন, যে জাতি বীরদের সম্মান করেনা, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুক্তিযুদ্ধের পর অনেকেই ভুয়া সনদপত্র নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। যা অত্যন্ত লজ্জার। তারা গর্ভ করে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারবেনা ও তার সন্তানেরও না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবশেষে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। সভা শেষে এমরান আলী সরকারে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ্যাডভোকেট এমরান আলী সরকার স্মৃতি সংসদের আহবায়ক ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আশরাফ জামাল আব্বুর সভাপতিত্বে ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা মুক্তযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রাজু। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও স্মৃত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


