ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামীর কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ই জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এ কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৩ (মহাদেবপুর – বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান উপজেলা জামায়াতের ইসলামীর কর্মী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন প্রমূখ।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফারুক, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফ উদ্দিন মোল্লাসহ উপজেলা, ইউনিয়ন, ও বিভিন্ন ওয়ার্ডসমুহের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা কোনদিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
সুতরাং আপনারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।#


