ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : এমন রাজনীতি করবেন যাতে আপনার মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিল সেরূপ জনসমুদ্রে পরিণত হয় আপনার জানাযাস্থল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদেরকে রাজনীতি করতে হবে। মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। সরকারি অনুদান শুধু নিজেদের দিকে টানলে চলবে না, আগে দেখতে হবে সরকারি অনুদানে কোন মানুষটির হক বেশি। তার কাছেই আগে পৌঁছানোর দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। বালু খাওয়া, টেন্ডারবাজি করা বিএনপির আদর্শ নয়। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারা কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না।
তিনি আরো বলেন, এমন রাজনীতি করবেন না, যাতে শেখ হাসিনার মত জীবনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, ৪৮ নওগাঁ – ৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম রওশন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, সদস্য সচিব রিপন মাহমুদ প্রমূখ।
যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম ও মশিউর রহমানের সঞ্চালনায় দোয়া ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, বিএনপি নেতা মিরাজুল ইসলাম, মো. এনামুল হক প্রমূখ।#


