ধূমকেতু নিউজ ডেস্ক : ঝালকাঠি শহরে ফেইসবুক লাইভে যুক্ত হয়ে এক ব্যক্তি দুই ছেলে সন্তানসহ বিষপান করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনা নজরে আসার পরপরই প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার তথ্য দিয়েছেন সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির ছেলেদের একজনের বয়স ১৭, আরেকজনের ৮। ওসি বলেন, শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, তিন দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি এমন কাজ করেছেন।
ঝালকাঠি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টি এম মেহেদি হাসান সানী বলেন, তিনজনের মধ্যেই বিষক্রিয়া বেশ ছড়িয়েছে। এ কারণে তাদের বরিশালে পাঠানো হয়েছে।
ওসি ইমতিয়াজ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


