ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবারই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
এর আগে দ্য নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাকে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে।
তবে ট্রাম্প ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করলেও ইরান এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
তারা পাকিস্তানের শান্তি আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলার পর আবার তাতে যোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে। তবে আলোচনায় বসার বিষয়ে এখনও ইরান কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
এর আগে, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল । ওই বৈঠকটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হিসেবে বিবেচিত ছিল ।
কূটনীতিকদের মতে, ইসলামাবাদে এ ধরনের উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করার মতো প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতির ঘাটতি ছিল ।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘সবটুকু পাওয়ার’ মানসিকতা এবং ইরানকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে বা ব্যতিক্রম হিসেবে গণ্য করার চেষ্টা চুক্তিতে পৌঁছানোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ।



