ধূমকেতু নিউজ ডেস্ক : সকাল ১০টা। রাজধানীর আশকোনার হজক্যাম্পের প্রধান ফটকের সামনে প্রচণ্ড ভিড়। চারদিকে হইচই। ভিড়ে ঠেলে এগোতেই পুলিশ এবং স্কাউট সদস্যদের মুখোমুখি। পরিচয় দিয়ে কয়েক কদম হাঁটার পরই বিশাল জটলা। একজন হজযাত্রী উচ্চ স্বরে কাঁদছেন; তাঁকে ঘিরে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হজযাত্রীর নাম মো. ইমরান হোসেন। তিনি স্ত্রীসহ হজে যাবেন। দুপুর সাড়ে ১২টায় ফ্লাইট। সকাল পৌনে ৮টার দিকে ক্যাম্পের নিচতলায় ওজু করে মসজিদের ভেতরে ইহরাম পরতে যান। এর আগে হাতের ব্যাগটি বাথরুমে ভুল করে ফেলে আসেন। ব্যাগের ভেতরে ভিসা, পাসপোর্টসহ ছিল ২২ হাজার রিয়াল ও ১০ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত লাখ টাকা চুরি হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাজামা-পাঞ্জাবি পরিহিত ছদ্মবেশী এক ব্যক্তি সেখানে ঢুকে পড়ে। ইমরানের ব্যাগ একটি কাপড় ফেলে ঢেকে দেয় এবং সেটি নিয়ে দ্রুত সটকে পড়ে। কিছুক্ষণ পর একই ব্যক্তিকে ক্যাম্পের অজুখানায় ব্যাগটি রেখে বেরিয়ে যেতে দেখা যায়। ইমরানের দাবি, চোর ব্যাগ থেকে নগদ অর্থ তুলে নিয়েছে, অবশিষ্ট রয়েছে শুধু ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয়পত্র। আরেকটি ফুটেজে দেখা যায়, চুরিতে জড়িত বলে সন্দেহভাজন দুই ব্যক্তি সকাল ৮টা ৫৩ মিনিটে ক্যাম্প এলাকা ত্যাগ করছে। হজযাত্রীর বেশেই তারা ক্যাম্পে প্রবেশ করেছিল।
গতকালের এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাম্পে প্রবেশে বাধ্যতামূলক কার্ড প্রদর্শনের নিয়ম রয়েছে। এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশকোনা হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন। এদিন দুপুরে তাঁর কার্যালয়ে সমকালকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে নিয়ে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, যাতে এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা যায়।’
জানা গেছে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নির্দেশে হজ অফিসের পরিচালক ক্ষতিপূরণ হিসেবে দুই হাজার রিয়াল হজযাত্রী ইমরান আলীকে প্রদান করেছেন। পরে তিনি দুপুরের ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা হন।
এ প্রসঙ্গে কয়েক হজযাত্রী জানান, এটি বড় চুরির একটি ঘটনা। তবে ছোটখাটো চুরির ঘটনা প্রায়ই ঘটছে, যেগুলোর কোনো বিচার হয় না, প্রতিকারও মেলে না। কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আসা হজযাত্রী রফিকুল ইসলাম মাদানী বলেন, শত শত ভিক্ষুকে ছেয়ে আছে হজক্যাম্পের পুরো এলাকা। কখনও কখনও পাঞ্জাবির পকেটে পর্যন্ত হাত ঢুকিয়ে দেয়। জড়িয়ে ধরে। ভিক্ষা দিতে চাপ প্রয়োগ করে।
এদিকে হজযাত্রীদের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল একটি শব্দ– মশা। ক্যাম্পের এক ডরমিটরির সামনে কথা হয় হজযাত্রী আসাদ মৃধার সঙ্গে। বিরক্তির সুরে তিনি বলেন, একজন যখন ইহরাম পরেন, তখন তাঁর কিছু বর্জনীয় থাকে। এর মধ্যে একটি হলো কোনো প্রাণী মারা যাবে না। তাই মশার কামড় খেয়েও চুপচাপ সহ্য করতে হচ্ছে। তবে আশিকুল হাসান মোরশেদ নামে এক হজযাত্রী বলেন, ‘তেমন কোনো সমস্যা নেই আমাদের। আমরা সুন্দরভাবে আসতে পারলাম এবং এখানকার পরিবেশও সুন্দর লাগছে।’
হজ পরিচালক লোকমান হোসেন জানালেন, এই এলাকায় মশার উপদ্রব একটু বেশিই। এটা নিয়ে কাজ করছেন তারা। প্রতিটি ডরমিটরিতে কয়েল দেওয়া হয়েছে। নিয়মিত ফগিংও হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পে এবার ছারপোকা নেই। যাত্রীরা আসার আগেই ওষুধ দিয়ে পরিষ্কার করা হয়েছে।
ক্যাম্পের ভেতরে শৌচাগারগুলো আগের তুলনায় কিছুটা পরিচ্ছন্ন দেখা গেছে। তবে ক্যাম্পের একমাত্র তথ্যকেন্দ্র দুপুর পর্যন্ত ফাঁকা ছিল। তথ্য জানতে এসে অনেক যাত্রী ও স্বজনকে বিড়ম্বনায় পড়তে দেখা গেছে।
ব্যাংক বুথগুলোর সামনে ছিল সৌদি রিয়াল ও ডলার সংগ্রহের দীর্ঘ লাইন। কয়েক হজযাত্রী জানান, সময় বুঝে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। যদিও হজ পরিচালক জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ক্যান্টিনে ১০০ টাকার সকালের নাশতা এবং ২৫০ টাকার মধ্যে দুপুরের খাবারের দুটি প্যাকেজ রাখা হয়েছে।
গতকাল বুধবার হজযাত্রার পঞ্চম দিনে ১১টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৪ হাজার ৫২১ জন।



