ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালের দিকে মিনি স্টেডিয়াম মাঠে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আয়েশ উদ্দিন, সহসভাপতি তানোর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহসভাপতি সিন্দুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী, সিনিয়র সহসভাপতি তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির, সরনজাই -১ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আজহারুল কবির প্রমুখ।
দিনব্যাপী খেলায় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বালক ও বালিকা ১৮ টি স্কুল অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ফাইনালে তানোর পৌর এলাকার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁধাইড় ইউনিয়নের টেটনা বালিকা সরকারি প্রাথমিক বৃহস্পতিবার খেলবেন।
খেলায় রেফারি ও কোচের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং কবির হোসেন।
এর আগে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশ নেয়। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের চ্যাম্পিয়ন টিম উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮ টি স্কুল উপজেলা পর্যায়ে খেলায় অংশ নেয়।



