IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জের জিনারিয়া হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার বোরো ধানখেত তলিয়ে গেছে।

মৌলভীবাজারের জুড়ীতে হাকালুকি হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান, কান্নায় ভেঙে পড়ছেন কৃষকরা।নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরে হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ধান কাটার কথা বলা হচ্ছে। অনেক স্থানে আধাপাকা ধান কাটছেন কৃষকেরা। কিন্তু অধিকাংশ হাওরেই এখনো প্রায় অর্ধেক বোরো ধান পানিতে তলিয়ে আছে। এতে চরম উদ্বেগ-উত্কণ্ঠায় রয়েছেন হাওরপাড়ের কৃষক।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের চাপে বুধবার সকালে সুনামগঞ্জের বোলাই নদীর পাশের একটি খালের বাঁধ ভেঙে যায়। এতে পানি ঢুকে জিনারিয়া হাওরের ফসলি জমি তলিয়ে যায়। হাওরের অধিকাংশ জমিতেই জিরাতি করতে আসা কৃষকেরা চাষাবাদ করে থাকেন। হঠাত্ এ বিপর্যয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। মুখশেদপুরের কৃষক বক্ত সরকার বলেন, “আমরা অনেক কষ্ট করে এই জমিতে ধান ফলিয়েছি। মাসের পর মাস বাড়িঘর ছেড়ে এখানে থাকছি। এখন সব পানির নিচে- আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।” আরেক কৃষক নিকেশ সরকার বলেন, “ধারদেনা করে জমি চাষ করেছি। ধান পাকাই ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কাটতে পারিনি। বাঁধ ভেঙে আমার ২০ কাঠা জমি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।” উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, জিনারিয়া হাওরের ২৬ হেক্টর জমির মধ্যে বাঁধ ভাঙার আগেই জলাবদ্ধতায় ৮ হেক্টর তলিয়ে ছিল। বাঁধ ভেঙে যাওয়ার পর আরও প্রায় ৩ হেক্টর জমি পানির নিচে চলে গেছে।

উপজেলার নাইন্দার হাওর, কাংলার হাওর, দেখার হাওর, কনস্কাই বিলসহ ছোট-বড় অধিকাংশ হাওর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে পাকা বোরো ধান ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ হাওরজুড়ে শুধু পানি আর পানি। কোথাও কোথাও ধানের শীষ পানির নিচে ডুবে আছে, আবার কোথাও আংশিক ভেসে আছে। কৃষকরা কোমরসমান পানিতে নেমে শেষ চেষ্টা হিসেবে ধান কাটছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কৃষক আব্দুল করিম বলেন, “এই ধানই ছিল আমাদের সারা বছরের ভরসা। ঋণ করে চাষ করেছি। এখন যা কেটেছি, সেটাও শুকাতে পারছি না। সব দিক থেকেই ক্ষতির মুখে পড়েছি।”

গত তিনদিনের অবিরাম বর্ষণে নেত্রকোনা জেলার হাওর উপজেলাগুলোর প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, তাদের হিসাব মতে ৩ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। তবে আর যদি কোনো বর্ষণ না হয় এবং পানি দ্রুত সরে গেলে বেশ কিছু জমির ধান কৃষকরা ঘরে তুলতে পারবে বলেও কৃষি বিভাগ জানায়। হাওর এলাকায় মাইকিং করে ধান কাটার কথাও বলা হচ্ছে। তবে হাওর এলাকার কৃষকরা অসহায় অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন। হাওরের একমাত্র বোরো ফসল বিনষ্ট হলে তাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না বলে জানান। অনেক কৃষক পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান এবং আধাপাকা ধান কেটে নিচ্ছে।

জেলার ৫টি হাওর উপজেলা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দা এবং আটপাড়া উপজেলায় ৪১ হাজার হেক্টর জমিতে এবার বোরোর আবাদ হয়েছে। কৃষি বিভাগের মতে হাওরের প্রায় ৬৮ ভাগ বোরো ধান গতকাল বুধবার পর্যন্ত কৃষকরা ঘরে তুলতে পেরেছে। তবে কৃষকদের মতে তারা ৫০ ভাগ ফসল এখন পর্যন্ত কাটতে পেরেছে। কারণ বৃষ্টি থামছে না। খালিয়াজুরি উপজেলা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা কৃষক রুহুল আমিন জানান, তার ৫০ কাঠা জমির বোরো জমি তলিয়ে গেছে। খালিয়াজুরির স্থানীয় বাসিন্দা কয়েস আজাদ আশরাফি জানান, খালিয়াজুরি হাওরের চার ভাগের তিন ভাগ বোরো ফসল তলিয়ে গেছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সোনাডুবি, সাইডুবি, পেটকি, মহিশাশুরা, গোরাডোবা ও আঙ্গাজুরাসহ বেশ কয়েকটি হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে মেদী, তেলেঙ্গাসহ কয়েকটি বিলের পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আগাম বন্যার শঙ্কায় ঝুঁকি এড়াতে প্রশাসনের তাগিদে কৃষকেরা এখন আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত ধান কাটার জন্য মাইকিং করা হয়েছে। কিন্তু শ্রমিক ও জ্বালানি সংকটের কারণে হাওরের শতভাগ ধান কাটা সম্ভব হয়নি।

দেশের বৃহত্তম হাকালুকি হাওরে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরজুড়ে বিস্তীর্ণ কৃষিজমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে। যদিও জেলা প্রশাসন জানিয়েছেন, হাওরে ২৭,৩৫০ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে ২২,৪০৯ হেক্টর বোরো ধান কর্তন সম্পন্ন হয়েছে। যা উৎপাদনের ৮২ শতাংশ। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্থানীয় কৃষকরা আক্ষেপ করে বলেন, মৌসুমের শেষ প্রান্তে এসে এমন আকস্মিক বৃষ্টিপাত তাদের সব পরিশ্রমকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

জেলার সবকটি নদনদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ৩৯টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার পাকা বোরো ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই নদীর চুনারুঘাট বাল্লা, শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে কুশিয়ারা, কালনী কুশিয়ারা, সুতাং ও সোনাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার প্রধান চারটি নদ নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। জুড়ী নদে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, মনু ও ধলাই নদে পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news