ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হলমোড়ে তেল নেওয়া কে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে মির্জা ফিলিং স্টেশননের সামনে ১২ রশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় এবং চলে বেলা ১২ টা পযন্ত ।
স্থানীয় সূত্রে জানা যায়, তেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হকের নেতৃত্বে পুলিশের দুটি দল দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয় এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ৯ নম্বর দুলভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আযমের নেতৃত্বে উভয় গ্রামের ৫ জন করে মোট ১০ জন প্রতিনিধিকে নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুপুরে সমঝোতা সভার আয়োজন করা হয়। এ সংবাদ লেখা পযন্ত আলোচনা চলছিল।



