ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।
পুলিশ জানায়, স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনই ছালিম হোসেন গ্রুপের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে বিরোধের জের ধরে মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’



