ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই ইউনিয়ন বিএনপির নেতা আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানকে অশান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, বর্তমান সংসদ সদস্য ও তার অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে এ ধরনের আচরণের জন্য দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তুজা রহমান অষ্টিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



